ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও প্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
খুবিতে ফুসফুসের ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ফুসফুসের সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসব্যাপী ফুসফুসের ক্যান্সার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় আয়োজিত এ সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘এমপাওয়ারিং ইয়ুথ ফর হেলদি লাংস’ (Empowering Youth for Healthy Lungs)।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, গবেষণাকে প্রয়োগমুখী করে দেশের উন্নয়নে কাজে লাগানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। খুলনা বিশ্ববিদ্যালয়ও সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর অংশীদার হিসেবে ভূমিকা পালন করতে হবে। এ জন্য যুগোপযোগী ও সমাজের প্রয়োজনভিত্তিক গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ করা জরুরি।
উপাচার্য আরও বলেন, ক্যান্সার কেবল একজন রোগীর শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি একটি পরিবারকে গভীর মানসিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি করে। এ রোগ প্রতিরোধ ও মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার পরিধি বাড়াতে হবে। তিনি ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের আরও বেশি গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দেশের ওষুধশিল্পে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের অবদান তুলে ধরে উপাচার্য জনস্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয়, চিকিৎসক ও ওষুধশিল্পের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ধূমপান ও মাদক পরিহার করে স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের সিনিয়র মার্কেটিং ম্যানেজার সাফায়েত হোসেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগের প্রধান ডা. মোঃ মুকিতুল হুদা।
ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী সুমাইয়া তাহসিম ও হাসিবুর রহমান সৌরভ।
সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।