Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে হিট প্রকল্পের আওতায় কারিকুলাম ডেভেলপমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে হিট প্রকল্পের আওতায় ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১৮ নভেম্বর (বুধবার) কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত  'Creation of an Interactive Educational Setting to Generate High-caliber Pharmacists Capable of Addressing the Challenges of the Twenty-first Century' শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সরকারের নির্দেশনার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয় অগ্রগামী অবস্থানে থেকে আন্তর্জাতিক মানের ওবিই কারিকুলাম প্রণয়ন করেছে এবং সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। বিএনকিউএফের গাইডলাইন অনুসরণ করে প্রণীত এ কারিকুলাম সর্বোচ্চ তিন বছর পরপর পর্যালোচনা ও উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে পিএলও, সিএলও এবং আইএলও ম্যাপিং করতে হবে। পর্যায়ক্রমে জবাবদিহিতা আরও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গবেষণায় উৎকর্ষতা বাড়াতে উৎসাহিত করছে এবং কারিকুলামে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। উপাচার্য কারিকুলামে এসডিজির দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ড. নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে তিনটি টেকনিক্যাল সেশনে ওবিই কারিকুলামের আউটলাইন, সঠিকভাবে সিএলও লেখা এবং এক্সারসাইজ বিষয়ে আলোকপাত করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সাইফুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন।