Registration closes on 21 November 2026 Register Now

খুবির মেডিকেল সেন্টারের আল্ট্রাসাউন্ড ইউনিট উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবার পরিধি বাড়াতে নতুন আঙ্গিকে চালু করা হয়েছে আল্ট্রাসাউন্ড ইউনিট। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা সংযোজনের ধারাবাহিকতায় আল্ট্রাসাউন্ড ইউনিট চালু করা হয়েছে। বিগত এক বছরে মিনি ওটি, ডিজিটাল এঙ্-রে ও চক্ষু বিভাগের কার্যক্রম যুক্ত করা হয়েছে। নতুন এ ইউনিট চালুর মাধ্যমে মেডিকেল সেন্টারের সেবার পরিধি আরও সম্প্রসারিত হলো। ভবিষ্যতে মেডিকেল সেন্টারের কার্যক্রম আরও সম্প্রসারণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, আইকিউএসির পরিচালক ও ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদাসহ সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা ও নার্সরা উপস্থিত ছিলেন।