খুবির সিএসই ডিসিপ্লিনে ‘স্পার্ক ট্যাংক ২.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব ‘ক্লাস্টার’-এর উদ্যোগে আয়োজিত ‘স্পার্ক ট্যাংক ২.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্পার্ক ট্যাংক ২.০’-এর মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ তৈরি করে। এসব চিন্তা ও ধারণাকে গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত উদ্ভাবনে রূপ দিতে হবে। তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশ বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের নতুন ধারণা উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, গবেষণা ও আইডিয়া উপস্থাপনভিত্তিক এ ধরনের আয়োজন ভবিষ্যতের বিজ্ঞানী ও উদ্ভাবকদের খুঁজে পেতে সহায়তা করে। পাশাপাশি উদ্ভাবনী ধারণা ও প্রকল্পের জন্য পরবর্তী সময়ে অর্থায়নের সুযোগও তৈরি হতে পারে। এ সময় তিনি সম্প্রতি বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ২৬ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে সাফল্য কামনা করেন।

সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাস্টার ক্লাবের সভাপতি নাহিদ হাসান, ২২ ব্যাচের শিক্ষার্থী রাধিকা চৌধুরী, ২৫ ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি এবং ২৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ এনামুল হক।

‘স্পার্ক ট্যাংক ২.০’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আইডিয়া প্রেজেন্টেশন ও প্রজেক্ট শোকেসিংয়ের মাধ্যমে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সেরা দলগুলোর সদস্যদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ২৬ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।