খুবির অপরাজিতা হলের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলে ইনডোর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (সোমবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। হল প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রভোস্ট তানিয়া সুলতানা। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌস পুষ্প।
বক্তারা বলেন, নজরুলবর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে। ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতা গড়ে তুলতে সহায়তা করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, সহকারী প্রভোস্ট শারমিন সুলতানাসহ হলের ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।