ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনে গবেষণা ও চিংড়ি শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করবে খুবি ও টোটাল ফুড

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক রেজাউর রহমান ও পরিচালক সাবিনা ইসলাম। ০৭ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টোটাল ফুডের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এবং কেন্দ্রীয় গবেষণাগারের সঙ্গে টোটাল ফুডের স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
টোটাল ফুডের পরিচালকদ্বয় এমওইউর আওতায় বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ল্যাবের সুবিধা সৃষ্টি, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি এবং গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ চিংড়ি শিল্পের উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে খুলনা বিশ্ববিদ্যালয় ও টোটাল ফুড যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সহযোগিতার মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে, অন্যদিকে গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।
সাক্ষাৎ শেষে উপাচার্য টোটাল ফুডের পরিচালকদ্বয়ের হাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান উপস্থিত ছিলেন।