খুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, আল্লাহ তায়ালাকে পেতে হলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভালোবাসতে হবে। তাঁর ধৈর্য, সহনশীলতা, আচার-আচরণ ও আদর্শ অনুসরণ করতে হবে। ইসলামের প্রচার ও প্রসারে মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা গ্রহণ এবং তাঁর আদেশ-উপদেশ পালন করতে হবে। তিনি বলেন, নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর একটি। তাই প্রত্যেক মুসলমানকে নিয়মিত নামাজ আদায় করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ধারণ ও তাঁর দর্শন অনুসরণ করতে হবে। তাঁর জীবন ছিল মানবজাতির জন্য অনুকরণীয় ও কল্যাণমুখী। তাঁর মতো পরিপূর্ণ আদর্শ ব্যক্তি পৃথিবীতে আর আসবেন না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।