খুবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ ও সেমিনারে অংশগ্রহণ
অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গত জুন মাসে অস্ট্রেলিয়া সফর করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। সফরকালে তাঁরা মোনাশ ইউনিভার্সিটিসহ অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিচালনা, আন্তর্জাতিকীকরণ, গবেষণা সহযোগিতা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন বিষয়ে বিভিন্ন কর্মশালা, রাউন্ডটেবিল আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা। ওই সফরের মাধ্যমে মোনাশ ইউনিভার্সিটির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হয়।
এরই ধারাবাহিকতায় আজ ০২ সেপ্টেম্বর (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার ড. ফাহরিন আলমগীর। এদিন বিকেলে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উচ্চশিক্ষা, গবেষণা, টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসায় ব্যবস্থাপনাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় ড. ফাহরিন আলমগীরকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।
এর আগে দুপুর ২.১৫ মিনিটে কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্যোগে ‘ইন্টিগ্রেটিং সাসটেইনেবিলিটি ইন রেসপনসিবল বিজনেস ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মোনাশ বিজনেস স্কুলের ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র লেকচারার ড. ফাহরিন আলমগীর। তিনি টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে সমসাময়িক দৃষ্টিভঙ্গি, উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। এ সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।