খুবিতে টিএসসি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপাচার্য

‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন টিএসসি ভবনের নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। ১৯ আগস্ট (বুধবার) বেলা ১১টায় তিনি নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান ছাদ ঢালাইয়ের কাজ পর্যবেক্ষণ করেন এবং গুণগত মান বজায় রেখে দ্রুততার সঙ্গে কাজ সম্পন্নের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন হচ্ছে টিএসসি ভবন। শিক্ষার্থীদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। এজন্য সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ মোঃ সাইফুল আলম বাদশাসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।