শিক্ষার্থীদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে খুবির সাথে যৌথ কার্যক্রম পরিচালনায় আগ্রহী ব্র্যাক

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে ব্র্যাক ক্যারিয়ার হাবের সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ আগস্ট (রবিবার) ব্র্যাক ক্যারিয়ার হাবের একটি প্রতিনিধিদল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিসসহ বিভিন্ন সহায়ক কার্যক্রমের সম্ভাব্যতা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে মতবিনিময় করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক এহসান মজিদ মুস্তাফা।
ব্র্যাক ক্যারিয়ার হাবের প্রতিনিধিদলে ছিলেন ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মোঃ আলিউল আজিম এবং ব্র্যাক ক্যারিয়ার হাব, খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত।
আলোচনায় খুলনা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ক্যারিয়ার হাব উভয় পক্ষ হতে ভবিষ্যতে এ বিষয়ে সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।