বর্ণাঢ্য আয়োজনে খুবির পরিসংখ্যান ডিসিপ্লিনের চৌদ্দ বছর পূর্তি উদ্যাপন
উৎসাহ-উদ্দীপনা এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের চৌদ্দ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সম্মুখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এরপর তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাব্জেক্ট। যে কোনো ধরনের গবেষণার জন্য পরিসংখ্যান প্রয়োজন। প্রাথমিকভাবে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও উপাত্তকে গাণিতিক সূত্রের দ্বারা প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারোপযোগী করে তোলে পরিসংখ্যান। বাস্তবিক দিক থেকে এর বহুবিধ ব্যবহার রয়েছে।
তিনি বলেন, এক যুগেরও বেশি সময়ের পথ চলায় পরিসংখ্যান ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখানকার গ্রাজুয়েটরা দক্ষ পরিসংখ্যানবিদ হিসেবে দেশ ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এই ধারাকে অব্যহত রাখতে পরিসংখ্যানের সাথে ডাটা সাইন্স, মেশিন লার্নিং, এআই ইত্যাদি বিষয়কেও অগ্রাধিকার দিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তির বিশ্ব। এক্ষেত্রে শক্তিশালী অবস্থানে যেতে পরিসংখ্যানের বিকল্প নেই। পরিসংখ্যান এমন একটি বিষয় যা সব ধরনের সাব্জেক্টের সঙ্গে সম্পর্কযুক্ত। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিন দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অবদান রাখছে যা আগামীতেও অব্যহত থাকবে।
সভায় অনলাইনে যুক্ত হয়ে আধুনিক শিক্ষা এবং গবেষণায় পরিসংখ্যানের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরেন মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিকস এন্ড ডাটা সায়েন্সের অধ্যাপক ও বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ শাহাদৎ হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তারেক বিন সালাম। পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে এই সভায় স্বাগত বক্তৃতা করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সহযোগী অধ্যাপক মিনহাজুল আবেদীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন ২১ ব্যাচের জি এম রাকিব ও ২৫ ব্যাচের মোছাঃ আনিকা আনজুম মিতু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন মণ্ডল এবং মাছুমা আক্তার গফ্ফার। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়।