খুবির ইনোভেশন হাবে ছয় দিনব্যাপী সফট্ স্কিল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন ক্লাবের সহযোগিতায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক পরিচালিত সফট্ স্কিল ম্যানেজমেন্ট প্রোগ্রাম-এর ১২তম ব্যাচের ছয় দিনব্যাপী প্রশিক্ষণ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ইনোভেশন হাবে শুরু হয়। এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, সফট্ স্কিল ম্যানেজমেন্ট ট্রেনিং শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তাদের নতুন নতুন ধারণা ও প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে সহায়তা করবে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে উদ্যোক্তারা দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্র সৃষ্টির পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সফল উদ্যোক্তা হতে হলে ভাষা জ্ঞানের ওপরও জোর দিতে হবে। মাতৃভাষার পাশাপাশি সময়ের চাহিদা অনুযায়ী দু’একটি ভাষা জানা দরকার। তাহলে দেশীয় বাজারসহ আন্তর্জাতিক ক্ষেত্রেও উদ্যোক্তাদের সফলতা অর্জন করা সহজ হবে।

তিনি প্রশিক্ষণার্থীসহ আয়োজক কর্তৃপক্ষকে খুলনা বিশ্ববিদ্যালয়ে এধরনের একটি সময়োপযোগী প্রশিক্ষণ পরিচালনার জন্য ধন্যবাদ জানান।

ডিজিটাল এন্টারপ্রেনরশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি)-র প্রজেক্টের পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ার অনলাইনে যুক্ত থেকে প্রশিক্ষণটি উদ্বোধন করেন। প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জি এম আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রাকিবুল ইসলাম।

ডন সামদানি ফ্যাসিলিটেশন এন্ড কনসালটেন্সির আয়োজনে ডিজিটাল এন্টারপ্রেনরশিপ এন্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি)-র প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণে দেশের আইটি খাতে আগ্রহী ও আইটি ব্যাকগ্রাউন্ডের নির্বাচিত ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।