খুলনা বিশ্ববিদ্যালয়ে কিউএসি’র ১৪তম সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি)-এর ১৪তম সভা আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার সিনেট রেিম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এসময় কিউএসি’র ১৩তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকদের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের বিবরণ, আইকিউএসি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার বিবরণ, প্রস্তাবিত বাজেট ও ব্যয়ের বিবরণী, অ্যাক্রেডিটেশন আপডেট, আইকিউএসি কর্তৃক প্রস্তুতকৃত ১৬টি পলিসি, স্টুডেন্ট হ্যান্ডবুক মুদ্রণ ও বিতরণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬টি ডিসিপ্লিনের সেল্ফ অ্যাসেসমেন্ট রিপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান অনুমোদন এবং বিএসিতে অ্যাক্রেডিটেশনের চূড়ান্ত আবেদন দাখিল, ওবিই কারিকুলামের আওতায় সিএলও এটাইনমেন্ট মূল্যায়ন প্রক্রিয়া, কোর্স ফাইল প্রস্তুতকরণে শিক্ষকবৃন্দকে উৎসাহিতকরণের লক্ষ্যে ইনসেন্টিভ প্রদান, একাডেমিক মাস্টার প্ল্যান, আইকিউএসি’র ২০২৬-২৭ অর্থ বছরের কর্মপরিকল্পনার খসড়া, টার্নিটিন এর প্লাগিরিজম চেক সফটওয়্যার ব্যবস্থাপনা, কিউএসির সভা আয়োজনের বাৎসরিক সংখ্যাগত বিষয়, শিক্ষকবৃন্দের জন্য এআই প্রশিক্ষণ, নব নিযুক্ত শিক্ষকবৃন্দের জন্য ফাউন্ডেশন ট্রেনিং, এফকিউএসি’র সভা আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য আইকিউএসির চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক মানোন্নয়ন নিশ্চিত করতে কোয়ালিটি কালচার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর নির্ধারিত মানদণ্ড ও ক্রাইটেরিয়াসমূহ যথাযথভাবে বাস্তবায়নে আইকিউএসির ভূমিকা প্রসংশনীয়।
তিনি সংশ্লিষ্ট সকল ডিসিপ্লিন ও প্রশাসনিক দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং আইকিউএসির সকল কার্যক্রম সময়োপযোগী, পরিকল্পিত ও ফলাফলভিত্তিকভাবে পরিচালনার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনা বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে একটি উৎকর্ষপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সদস্যবৃন্দ- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন ড. রুমানা হক, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ দুলাল হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মাহবুবুর রহমান, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবু সালেহ মোঃ পারভেজ। সভা সঞ্চালনা করেন কিউএসির সদস্য সচিব ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।