খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ আজ ২৪ জুন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে বাস্তবায়িত 'Creation of an Interactive Educational Setting to Generate High-caliber Pharmacists Capable of Addressing the Challenges of the Twenty-first Century' শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকাল ৯.৩০ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। তিনি আধুনিক অফিস ব্যবস্থাপনা, সময়োপযোগী প্রশাসনিক কার্যক্রম এবং ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জামিল আহমদ শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়কারী ও প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।
উদ্বোধনী অনুুষ্ঠানের পর তিনটি ট্রেনিং সেশনে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। প্রশিক্ষণের প্রথম সেশনে সময় ব্যবস্থাপনা, শিক্ষার্থী ও কর্মচারী ব্যবস্থাপনা এবং অফিস সরঞ্জামের কার্যকর ব্যবহার বিষয়ে আলোচনা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
দ্বিতীয় সেশনে ডকুমেন্ট ও ফাইল ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং ও ই-গভর্ন্যান্স বিষয়ে আলোচনা করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইয়েদ মোঃ মঞ্জুর আলম। পরবর্তী সেশনে কমিউনিকেশন লেটার প্রণয়ন ও দাপ্তরিক যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে ফার্মেসী ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাপনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ পর্ব পরিচালনা করেন প্রকল্পের এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার।