খুবিতে ১ কোটি ৩৬ লাখ টাকার গবেষণা অনুদানের চেক বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। আজ ১১ জুন (বৃহস্পতিবার) ৩৩টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সকাল ৯.৩০ মিনিটে কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণার অর্থায়নে শুধু বিশ্ববিদ্যালয়ের ওপর নির্ভরশীল না থেকে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষক-গবেষকদের গবেষণায় অধিকতর উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং সিআরজিপি খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি ইমপ্যাক্টফুল রিসার্চ হাব হিসেবে গড়ে তুলতে গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এবং জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুদানপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইসমত কাদির ও পরিসংখ্যান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. শারলিন আলাউদ্দিন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একই স্থানে ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন আরজিপি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম।