খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ফেব্রিকেশন ল্যাবরেটরি

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অত্যাধুনিক ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে  'Establishing Fabrication Laboratory (Fab Lab) to Strengthen the Innovation Potential of Khulna University' শীর্ষক সাব-প্রকল্পের আওতায় এ ল্যাব প্রতিষ্ঠা করা হবে।
আজ ১০ জুন (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই সাব-প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক ও মাল্টিডিসিপ্লিনারি গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অবকাঠামো গড়ে উঠবে। এতে আধুনিক ফেব্রিকেশন যন্ত্রপাতি, প্রশিক্ষণ কর্মসূচি এবং উদ্ভাবনী ধারণা বিকাশের সুযোগ সৃষ্টি হবে। ৪০টিরও বেশি উন্নত মেশিন ও সরঞ্জামে সমৃদ্ধ হবে এ ল্যাব, যা গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এর সফল বাস্তবায়ন। দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে এবং সময়োপযোগী ও আধুনিক যন্ত্রপাতির সংস্থান করতে হবে। এই ল্যাব বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ফ্যাব ল্যাবের ধারণা অনেকের কাছে নতুন হলেও উন্নত বিশ্বে এ ধরনের ল্যাব দীর্ঘদিন ধরে চালু রয়েছে। এটি গবেষণার সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাল্টিডিসিপ্লিনারি গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম সরবরাহ করে। এখানে থাকা ব্যয়বহুল ও আধুনিক যন্ত্রপাতি উচ্চমানের গবেষণার সুযোগ সৃষ্টি করবে। হিট প্রকল্পের আওতায় এটি একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ, যা ভবিষ্যতে উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, ফ্যাব ল্যাব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন নতুন ধারণা সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে এ ল্যাবকে একটি সমন্বিত ইনোভেশন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে।
সাব-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএসপিএম প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান।
উদ্বোধনী পর্ব শেষে দুটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। সেশন দুটি পরিচালনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর প্রফেসর ড. মোঃ শামীম আহসান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাচিভমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।