খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়
খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ০৭ জুন (রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের টার্ম পরীক্ষা, অ্যাক্রেডিটেশনের চূড়ান্ত প্রস্তুতি, কারিকুলাম উন্নয়ন, মাঠভিত্তিক গবেষণা সম্প্রসারণসহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে উপাচার্য উপস্থিত সকলকে ঈদ-পরবর্তী শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে ২-৩টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন দপ্তরের পরিচালকগণ উপস্থিত থেকে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।