খুবিতে উচ্চশিক্ষা ও বৈশ্বিক গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘Beyond Borders: Advanced Research, Global Collaboration and Higher Education Opportunities in the USA’ শীর্ষক এক সেমিনার ১৭ মে (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষক, গবেষক এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের স্নাতক ও এমএস পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের এলকন বিশ্ববিদ্যালয়ের কলেজ অব এগ্রিকালচার অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস-এর অ্যাসোসিয়েট প্রফেসর ও হর্টিকালচার স্পেশালিস্ট ড. এমরান আলী। তিনি উন্নত গবেষণা, আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা, কৃষি গবেষণায় উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন এবং দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান। বক্তারা দেশের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
পরে ড. এমরান আলী খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।