খুবিতে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ : উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইমপ্রেশন ইন ইনোভেশন’ শীর্ষক প্রযুক্তিগত উদ্ভাবন ও স্টাডি ট্যুরভিত্তিক অভিজ্ঞতামূলক শিক্ষার ওপর তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ ০৭ মে (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ মিনিটে ৩নং একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, প্রিন্টমেকিং শিল্পকলা ও বিজ্ঞানের সম্মিলিত রূপ। যেখানে সৃজনশীলতার প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারুকলায় শিক্ষা মূলত ‘ক্রিয়েশন অব এডুকেশন’। বর্তমান সময়ের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবহারিক দক্ষতা ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ইতোমধ্যে দেশের শিল্পশিক্ষা ও সৃজনশীল চর্চার ক্ষেত্রে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রিন্টমেকিং ডিসিপ্লিনে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ‘অ্যাডভান্সড প্রিন্টমেকিং ল্যাব’ ও ‘ইনটাগ্লিও প্রিন্টমেকিং ল্যাব’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হয়েছে। এসব উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের শিল্পচর্চা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর। আরও বক্তব্য রাখেন কর্মশালার টেকনিক্যাল সেশনের রিসোর্স পারসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোহাঃ জসিম উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের প্রফেসর মোঃ আনিসুজ্জামান।
প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী জারিন প্রভা।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসনবৃন্দ `Transforming Printmaking Education: A Contemporary Approach to Multi-block Woodcut Practice in Bangladesh' এবং `Advancing Sustainable Printmaking: Non-toxic Solvent Development and Application in Bangladesh' শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ কর্মশালায় প্রিন্টমেকিং শিল্প, প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্টাডি ট্যুরভিত্তিক শেখার অভিজ্ঞতা এবং ব্যবহারিক প্রশিক্ষণমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।