খুবিতে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী হাবারমাসের সমাজ-রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে জার্মান দার্শনিক ও সমাজবিজ্ঞানী ইয়ুর্গেন হাবারমাস-এর জীবনাদর্শ ও চিন্তাধারার ওপর ভিত্তি করে ‘রিভিজিটিং দ্য সোসিও-পলিটিক্যাল লেগাসি অব ইয়ুর্গেন হাবারমাস ইন কনটেম্পোরারি বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ মে (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি সমসাময়িক সমাজ-রাজনৈতিক প্রেক্ষাপটের অনিশ্চয়তার দিকে ইঙ্গিত করে বলেন, দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা একটি সমাজব্যবস্থায় হঠাৎ পরিবর্তন এলে তা রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের নতুন বাস্তবতা তৈরি করে। এ ধরনের পরিবর্তনকে বোঝার জন্য সমালোচনামূলক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার গুরুত্ব রয়েছে, যা হাবারমাসের দর্শনে প্রতিফলিত হয়েছে।

বিশেষ অতিথির রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, ইয়ুর্গেন হাবারমাসের চিন্তা ও কাজ বহুমাত্রিক এবং ইউরোপীয় বুদ্ধিবৃত্তিক পরিসরে অত্যন্ত প্রভাবশালী। তিনি বলেন, পাঠাভ্যাস একটি জাতির মানসিক বিকাশের সূচক; বই পড়ার মাধ্যমে বিশ্বখ্যাত চিন্তাবিদদের ধারণা সম্পর্কে জানা সম্ভব হয়। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞান ও বিশ্লেষণী সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সেমিনারের মুখ্য বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সলিমুল্লাহ খান সমসাময়িক বাংলাদেশের প্রেক্ষাপটে হাবারমাসের তত্ত্বের প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেন। তিনি বলেন, মানবসমাজের বিকাশে বুদ্ধিবৃত্তিক আলোকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভাষা-দক্ষতা, বিশেষত মাতৃভাষায় গভীর জ্ঞান, সেই আলোকায়নের অন্যতম ভিত্তি। 

তিনি আরও বলেন, ইউরোপের এনলাইটেনমেন্ট চিন্তাধারা আধুনিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার রূপান্তরে বড় ভূমিকা রেখেছে, যেখানে ক্ষমতার সম্পর্ক, বৈষম্য এবং নাগরিক পরিসরের ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাষ্ট্র ও ব্যক্তির মধ্যবর্তী যে নাগরিক ক্ষেত্র, সেখানে যুক্তিনির্ভর আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজনীয়তা হাবারমাসের দর্শনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ আবুসাঈদ খানের সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ ও সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা। সেমিনারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।