খুবি মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ উপাচার্যের
খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় তিনি মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে উপাচার্য চিকিৎসকদের কক্ষ, নার্স রুম, প্যাথলজি, এক্স-রে রুম এবং চক্ষু বিভাগসহ বিভিন্ন সেবা ইউনিট সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিদ্যমান সেবার মান ও সীমাবদ্ধতা সম্পর্কে খোঁজ নেন।
এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে হবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেসব সুবিধা প্রয়োজন, সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। প্রয়োজনে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি সংযোজনের ওপরও গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে মেডিকেল সেন্টার থেকেই প্রয়োজনীয় ওষুধ পেতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিদিন কতজন শিক্ষার্থী ও অন্যান্য সেবাগ্রহীতা চিকিৎসাসেবা নিচ্ছে, তার একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করার নির্দেশ দেন তিনি। এর মাধ্যমে মেডিকেল সেন্টারের কার্যক্রম সম্পর্কে সুনির্দিষ্ট ও বিশদ তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।
এছাড়াও মেডিকেল সেন্টারে কী কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তার একটি পৃথক ডাটাবেজ সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন কোনো সেবা বা সুবিধা যুক্ত করা যায় কিনা, সে বিষয়েও সংশ্লিষ্টদের ভাবার আহ্বান জানান তিনি।