খুবিতে তিনটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনটি ডিসিপ্লিনের ক্লাসরুম পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আজ ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে তিনি আকস্মিকভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের বর্তমান পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ, পাঠ্যবিষয়বস্তু, পাশাপাশি ল্যাব ব্যবহারের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এই সময়কে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি জ্ঞানচর্চা, দক্ষতা অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক মূল্যায়ন করে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আধুনিক যুগের চাহিদা অনুযায়ী তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা অর্জন জরুরি। ক্লাসরুমে সক্রিয় অংশগ্রহণ এবং ল্যাবভিত্তিক শিক্ষায় আগ্রহ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও প্রস্তুত করতে পারবে। একইসঙ্গে তিনি শিক্ষকদের যুগোপযোগী পাঠদানের ওপর গুরুত্বারোপ করেন।