খুবির বিজিই ডিসিপ্লিনের ক্লাস পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আজ ১৩ এপ্রিল (সোমবার) সকালে আকস্মিকভাবে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের ক্লাসরুম পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের বর্তমান পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ ও পাঠ্যবিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিক্ষার্থীদের সার্বিক একাডেমিক পরিবেশ ও শেখার অভিজ্ঞতা সম্পর্কে ধারণা নেন উপাচার্য।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। লেখাপড়ার পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার একজন শিক্ষার্থীকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।
উপাচার্য আরও বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতায় টিকে থাকতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বহুমাত্রিক জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি। একইসঙ্গে প্রযুক্তিগত জ্ঞানে পারদর্শিতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে উপাচার্য সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।