খুবির বিজিই ডিসিপ্লিনে ‘ফিডব্যাক ফর একাডেমিক প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে ‘ফিডব্যাক ফর একাডেমিক প্রোগ্রাম সেলফ-অ্যাসেসমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সেলফ-অ্যাসেসমেন্ট তার একটি অংশ। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ফিডব্যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, সেলফ-অ্যাসেসমেন্ট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনা সম্ভব। সকল স্টেকহোল্ডারের প্রাপ্ত ফিডব্যাক বিশ্লেষণ করে ভবিষ্যতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিচিং অ্যাসিস্ট্যান্ট অন্বেষা সায়ানী।

কর্মশালায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, পাঠ্যক্রমের প্রাসঙ্গিকতা, গবেষণার সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।