খুবিতে ‘নগদ’ এর আয়োজনে ‘জানিয়ে দেবো আমার মায়ের ভাষা’ শীর্ষক ইভেন্ট শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্স সার্ভিস ‘নগদ’ এর আয়োজনে শুরু হয়েছে ‘জানিয়ে দেবো আমার ভাষা’ শীর্ষক চার দিনব্যাপী ইভেন্ট। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই ইভেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
এসময় তিনি বলেন, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে বাঙালি জাতি রক্ত দিয়েছে, যা বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত। সেই ধারাবাহিকতায় ১৯৭১ সালে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরবর্তীতে যখনই অধিকার আদায়ের প্রশ্ন এসেছে- জাতি বারবার রুখে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, সর্বশেষ ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। গণঅভ্যুত্থানের ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে দেশ নতুন গণতান্ত্রিক সরকার পেয়েছে। এ সরকারের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি ও বাকস্বাধীনতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশকে স্বনির্ভর, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আয়োজনের জন্য নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় নগদ এর এরিয়া ম্যানেজার মাহফুজুর রহমান, টেরিটরি ম্যানেজার ওয়াসী রেজা খানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।