খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ০৯ ফেব্রুয়ারি (সোমবার) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় তিনি শিক্ষার্থীদের সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় স্কুলের সুনাম বৃদ্ধিতেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ও কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের অধ্যবসায় ও একাগ্রতার পাশাপাশি অভিভাবকদের আগ্রহ ও সম্পৃক্ততা ছাড়া স্কুলকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য স্কুলের একাডেমিক ফলাফল আরও উন্নত করা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক মতবিনিময়ের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমেও মনোযোগী হতে হবে। স্বপ্ন দেখতে হবে আকাশচুম্বী, আর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে।
শিক্ষকদের উদ্দেশে উপাচার্য বলেন, স্কুল পর্যায় থেকেই সঠিক গাইডলাইন ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীদের পরিচালনা করা জরুরি। শিক্ষার্থীদের ক্লাসে পর্যাপ্ত সময় দেওয়া, নিজেদের দক্ষতা বৃদ্ধি করা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে যেন কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই তাদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মনিশংকর মন্ডল এবং ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. প্রতাপ কুমার ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রথম থেকে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াড ও গণিত অলিম্পিয়াডে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।