খুবিতে ব্লু ইকোনমি ও সামুদ্রিক সম্পদের ভবিষ্যৎ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত / Workshop on the Future of Blue Economy and Marine Resources Held at KU

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের ব্লু ইকোনমি সম্ভাবনা: মৎস্য ও জলজ সম্পদে উদ্ভাবন, স্থায়িত্ব এবং প্রবৃদ্ধি’ শীর্ষক এক কর্মশালা ২৪ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং ‘ওশান সেন্টার্স বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, দেশের সমুদ্রভিত্তিক সম্পদ গবেষণা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে আরও সমৃদ্ধ হতে পারে। ব্লু ইকোনমির বিকাশে তরুণ গবেষকদের সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা এখনও ট্র্যাডিশনাল পদ্ধতিতে সমুদ্রসম্পদ আহরণ করছি, কিন্তু এ বিষয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণার পরিধি বিস্তৃত করা জরুরি। চিংড়ি-কাঁকড়াসহ এ অঞ্চলে ইতোমধ্যে বহু সম্ভাবনাময় গবেষণা হয়েছে, এ সুযোগকে আরও সম্প্রসারিত করতে হবে।

উপাচার্য বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সুষ্ঠু ইকোসিস্টেম উন্নয়নের ওপর জোর দিতে হবে। ব্লু ইকোনমির সম্ভাবনা বাস্তবায়নে সুন্দরবনকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে ব্লু ইকোনমি গবেষণায় সম্ভাবনাময় রিসার্চ হাব হিসেবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ওশান সেন্টার্স বাংলাদেশের কান্ট্রি লিড কমডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অব.)। তিনি সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমির সম্ভাবনা ও সামুদ্রিক গবেষণার অগ্রগতি বিষয়ে আলোকপাত করেন। অনুুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ শাহীন পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চারটি থিমেটিক সেশনে সমুদ্র গবেষণা, জলজ সম্পদ ব্যবস্থাপনা, টেকসই চাষাবাদ, রপ্তানি সম্ভাবনা এবং উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সেশনগুলো উপস্থাপন করেন- এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, পাইকগাছার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ এবং টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লি. এর পরিচালক প্রফেসর মেহেদী হাসান মোঃ হেফজুর রহমান। 

পরে মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা দেশের সামুদ্রিক খাতের চ্যালেঞ্জ, রপ্তানির সম্ভাবনা এবং গবেষণা-শিল্পখাত সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।