খুবিতে ‘একাডেমিক অডিট: সেলফ-অ্যাসেসমেন্ট এন্ড এভিডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত / Training on ‘Academic Audit: Self-Assessment and Evidence Management’ Held at KU
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘একাডেমিক অডিট: সেলফ-অ্যাসেসমেন্ট এন্ড এভিডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ২৪ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’কৃত ১০টি ডিসিপ্লিনের চূড়ান্ত আবেদন প্রস্তুতিকে আরও কার্যকর করতে এবং একাডেমিক অডিট ও স্ব-মূল্যায়ন প্রক্রিয়া সুদৃঢ় করার উদ্দেশ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি একাডেমিক অডিটের আন্তর্জাতিক মান, স্ব-মূল্যায়নের কাঠামো, তথ্য-প্রমাণ সংগ্রহ ও সঠিকভাবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে প্রমাণভিত্তিক মূল্যায়ন ও সুশৃঙ্খল ডকুমেন্টেশন অত্যন্ত জরুরি। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার মানোন্নয়নের একটি ধারাবাহিক প্রতিশ্রুতি।
এ সময় আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান একাডেমিক অডিট, স্ব-মূল্যায়ন এবং প্রমাণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।