খুবির দুই ছাত্রী হলে ট্রেডমিল সুবিধা চালু / Treadmill facilities introduced in two female student halls of Khulna University

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলে ট্রেডমিল সুবিধা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় বিজয়’২৪ হল এবং অপরাজিতা হলে এই ট্রেডমিল স্থাপন করা হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ছাত্রীরা ট্রেডমিল ব্যবহার করতে পারবে। পাশাপাশি নিরাপদ ব্যবহারের ওপর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নিয়মিত তদারকি করবেন।

২৯ অক্টোবর (বুধবার) বেলা ১১.৩০ মিনিটে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ট্রেডমিল সুবিধা চালু করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের ব্যাপারে আমরা আন্তরিক। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি সুস্থ জীবনযাপন জন্য অপরিহার্য। আমরা শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন এবং সংশ্লিষ্ট হলসমূহের সহকারী প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।