হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটির গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন টিম ইনভো-আভেনজার্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত ‘হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি’ এর গ্র্যান্ড ফাইনালে টিম ইনভো-আভেনজার্স। চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন রাজশ্রী দাশ সৃজা, এবং তার সঙ্গে ছিলেন সৌমেন মণ্ডল ও সৈয়দ নূর ই জান্নাত বর্ষা। এই দলটি জাতীয় পর্যায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রতিযোগিতার অনক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ৭টি দল প্রতিযোগিতা করে, যেখানে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয় টিম ইনভো-আভেনজার্স। টিম বাজশিল্ড দ্বিতীয় স্থান অর্জন করে এবং টিম প্লাজমা ও টিম ক্লাই-মেট্রিক্স যৌথভাবে তৃতীয় হয়।
প্রতিযোগিতা শেষে অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়াসের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।
প্রসঙ্গত, হাল্ট প্রাইজ বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক আইডিয়া প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে বিচারকদের সামনে। এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের অনক্যাম্পাস রাউন্ডটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। তাহলো- আইডিয়া সাবমিশন, ওভিসি সাবমিশন এবং ফাইনাল উপস্থাপন। ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে ইভেন্টটি আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ আল ফয়সাল।