Registration closes on 21 November 2026 Register Now

খুবির আইকিউএসির কার্যক্রম পরিদর্শন করলেন ইউজিসির সদস্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে তিনি আইকিউএসি অফিসে যান। সেখানে আইকিউএসির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।
এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর গতিশীল নেতৃত্বে আইকিউএসির কার্যক্রম ও গৃহীত পরিকল্পনার প্রশংসা করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসিকে রোলমডেল হিসেবে উল্লেখ করে ইউজিসির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজন এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইকিউএসিকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম ও ইউজিসির স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স (এসপিকিউএ) ডিভিশনের পরিচালক ড. দূর্গা রানী সরকার।