Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে অগ্নি নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ বিষয়ে কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ১২ ফেব্রুয়ারি (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে ইনস্টিটিউটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, খুলনা জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মহড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নি নিরাপত্তা, অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল ও অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার হাতে-কলমে শেখানো হয়। মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এর আগে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘অগ্নি নিরাপত্তা, উচ্ছেদ ও অগ্নি নির্বাপণ মহড়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ, সচেতনতার মাধ্যমেই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব। তাই পরিবারের সদস্যদের অগ্নিকাণ্ড প্রতিরোধের কৌশলগুলো জেনে রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার জানা প্রয়োজন। কারণ, অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও এর ব্যবহার অনেকে জানে না। তাই এটি জানা অত্যন্ত জরুরি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে এমন কর্মশালা ও মহড়া আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশনে অগ্নি নির্বাপণ সংশ্লিষ্ট ধারণা প্রদান করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, উপ-সহকারী পরিচালক মোঃ আবু বকর জামান, স্টেশন অফিসার আল আমিন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: নাজমুছ সাদাত, লিডার আকতার হোসেন ও ফায়ার ফাইটার আলমগীর হোসেন। এ কর্মশালা ও মহড়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত ছিলেন।