রিসার্চ রেজাল্ট ইনফর্মড লার্নিংয়ে গুরুত্ব দিতে হবে : উপাচার্য
খুবিতে ১ কোটি ৫১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব/উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় পর্যায়ের চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ২৭টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৫১ লাখ ৩২ হাজার ছয়শত টাকার চেক বিতরণ করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, এখনকার গবেষণার মূল বিষয় হলো রিসার্চ রেজাল্ট ইনফর্মড লার্নিং। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের বাস্তব অবস্থা ফুটে উঠবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে রিসার্চ রেজাল্ট ইনফর্মড লার্নিং এ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, পূর্বের গতানুগতিক কারিকুলামের মাধ্যমে দেশ পরিবর্তন করা সম্ভব নয়। দেশ পরিবর্তনের জন্য গবেষণা এবং এর প্রয়োগের দিকে ফোকাস করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এবং বিশ্বে মান ধরে রাখতে গবেষণার প্রতি আরও মনোযোগী হওয়ার জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, গবেষণায় বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার করতে হবে। গবেষণা যাতে প্রান্তিক পর্যায়ের উপকারে আসে সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার প্রতি উৎসাহী হতে হবে। তিনি গবেষণার মাধ্যমে বিশ্ব র্যাংকিংয়ে অবস্থান ধরে রাখা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে গবেষকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।