Registration closes on 21 November 2026 Register Now

ডি-নথি হচ্ছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া : উপ-উপাচার্য

খুবিতে ডি-নথি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গবেষণাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

এ সময় তিনি বলেন, ডি-নথি হচ্ছে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া। এতে কাজ করাও সহজ। ডি-নথির মাধ্যমে দাপ্তরিক কাজের গতিশীলতা বৃদ্ধি করা সম্ভব। বিশেষ করে ডি-নথি ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হয়। তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ভবিষ্যতে সকল কাজই ডি-নথির মাধ্যমে সম্পন্ন করা হবে। তাই এ বিষয়ে সকলের ধারণা থাকবে। নতুন এই প্রযুক্তির সাথে মানিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে। তিনি ডি-নথি বিষয়ে ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিন। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন ও ইঞ্জি. রাহুল দেব মহলদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।