খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আজ বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই একাডেমিক ফলাফলের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও শিক্ষার্থীদের অবদান রাখতে হবে। কারণ, স্কুলের সুনাম ও ভাবমূর্তি প্রকাশ পায় শিক্ষার্থীদের পারফরমেন্সের মাধ্যমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। ক্রীড়া প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবে, এই বাস্তবতা মেনে নিয়ে সকলকে অংশগ্রহণ করতে হবে, যাতে আজ না পারলেও পরবর্তীতে আরও ভালো ফলাফল অর্জন করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।