অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ডে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ ইনফরমেশন সেশন-২০২৫’ আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০.৩০টা থেকে ১২টা পর্যন্ত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ইনফরমেশন সেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. আশিক উর রহমান এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনা মো. জোবায়ের হোসাইন।

এতে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুল-ফান্ডসহ মাস্টার্স পর্যায়ে অধ্যয়নসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের প্রোগ্রাম ম্যানেজার এম ইমাম নাহিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইসরাত আরা ইসলাম ও প্রোগ্রাম অফিসার হৃদিতা দেওয়ান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগিতায় এগ্রোটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতি ডিসিপ্লিনের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সুইজারল্যান্ড থেকে আগত অতিথিদের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের যৌথ উদ্যোগে ‘এনহ্যান্সিং এগ্রিবিজনেস কম্পিটিটিভনেস উইথ ডিজিটাল টেকনোলজি ফর ক্লাইমেট-স্মার্ট ফার্মিং ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার অংশ হিসেবে এ মতবিনিময় আয়োজন করা হয়। এই কর্মশালার ফোকাল পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

মতবিনিময়কালে সুইজারল্যান্ডের বার্ন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের রিসার্চ অ্যাসোসিয়েটস ড. ইনগ্রিড ফ্রম ও স্টিফান গফেলার সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ, সুইস বিশেষজ্ঞদের কাছ থেকে চলমান গবেষণার উপর প্রতিক্রিয়া গ্রহণ, ভবিষ্যতের সম্ভাব্য যৌথ গবেষণা সহযোগিতা এবং স্নাতকোত্তর গবেষণার জন্য লজিস্টিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান।