যুগের চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ে নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে : উপাচার্য
খুবিতে ডি-নথি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথি বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গবেষণাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে পেপারলেস বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার একটি প্রক্রিয়া হচ্ছে ডি-নথির বাস্তবায়ন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ডি-নথির বাস্তবায়ন প্রয়োজন। তাই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ডি-নথির ব্যবহার জানতে হবে। যুগের চাহিদা পূরণে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে নতুন নতুন পদ্ধতির ব্যবহার করতে হবে।
তিনি ডি-নথি বিষয়ে ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে অনেক আগে থেকেই ডি-নথির ব্যবহার হয়ে আসছে। সেসব দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরও নতুন পদ্ধতির ব্যবহার জানতে হবে। ডি-নথির বিষয়ে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তার অভিজ্ঞতা পেশাগত কাজে ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন ও ইঞ্জি. রাহুল দেব মহলদার। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।