খুবিতে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে অ্যাওয়ারনেস ট্রেনিং সেশন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে 'ISO 14001:2015 (EMS)' শীর্ষক অ্যাওয়ারনেস ট্রেনিং সেশন  আজ রবিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে এ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে দক্ষ প্রশিক্ষকদের নিয়ে এ ধরনের ট্রেনিং সেশন আয়োজন- একটি পজিটিভ থিঙ্কিং। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এখন উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে। এখন আমাদের প্রয়োজন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড প্রটোকল অনুসরণ করে গবেষণা কার্যক্রম পরিচালনা করা। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমের এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস এর সাথে আমাদের শিক্ষার্থীদের পরিচিত করে তোলার এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। লিড ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন এজেএ বাংলাদেশ লিমিটেড এর কবিরুল আলম ও কো-ট্রেইনার মাসুম-আল-হাসান-মেহেদী। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।