নতুন আইডিয়া ডেভেলপ করে গবেষণা প্রস্তাবনা তৈরিতে উপাচার্যের গুরুত্বারোপ

খুবিতে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং ফর হিট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘এটিএফ-সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং ফর হিট’ শীর্ষক এক কর্মশালা আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্প চালু করা হয়। বাজার চাহিদাভিত্তিক ক্যারিকুলাম প্রণয়ন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সংযোগ বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা ও প্রশিক্ষণ অ্যাকাডেমি প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীদের মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন, ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করা, প্রতিযোগিতামূলক গবেষণার উদ্ভাবনী প্রকল্প চালু করা এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান ক্রমাগতভাবে বাড়ছে। এখানকার শিক্ষকরা গবেষক হিসেবে অত্যন্ত সুপরিচিত। তাদের যোগ্যতা ও দক্ষতা সবক্ষেত্রে ছড়িয়ে আছে। এখন গবেষক হিসেবে তাদের উচিত হিট প্রকল্পের জন্য নতুন নতুন গবেষণা প্রস্তাবনা তৈরি করা। এক্ষেত্রে নতুন আইডিয়া ডেভেলপ করে মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন সংশ্লিষ্ট গবেষণায় গুরুত্ব দেওয়া উচিত।
উপাচার্য বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে হিট থেকে শিক্ষকদের প্রজেক্ট পাওয়ার ক্ষেত্রে যে সকল ক্রাইটেরিয়া রয়েছে, তা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে সিস্টেম্যাটিকভাবে এবার সর্বোচ্চসংখ্যক প্রজেক্ট পাবে। যার মাধ্যমে গবেষক হিসেবে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
পরে উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘সিকিউরিং দ্য প্রজেক্ট: মাইলস্টোন সেটিং, প্রজেক্ট ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া’ শীর্ষক টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। এ সময় তিনি ক্লারিটি এন্ড কোয়ালিটি অব প্রপোজাল, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন রিসার্চসহ প্রপোজাল রাইটিংয়ের নানা দিক তুলে ধরেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে আরেকটি টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। তিনি ‘হিট এন্ড এটিএফ সাব প্রজেক্ট প্রপোজাল রাইটিং’ এর গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করেন।
এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও ড. মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় পরিচালকসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
কর্মশালায় হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট), একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) এবং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল (এসপিপি) বিষয়ে বিশদ ধারণা দেওয়া হয়।