খুবির রিসার্চ এডভাইজারি কমিটির ১৯তম সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি) এর ১৯তম সভা আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের ২য় পর্যায়ের গবেষণা প্রকল্পের অনুকূলে গবেষণা বরাদ্দ নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে জমা হওয়া প্রকল্প-প্রস্তাবনাগুলো একটি বিশেষায়িত কমিটির মাধ্যমে বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ইউনিক ও ইনোভেটিভ বিষয়ে গবেষণা প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণার বিষয়বস্তু নির্বাচনে আরও সতর্ক হওয়া উচিত। কারণ, খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছে এ অঞ্চলসহ দেশের মানুষের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশার আলোকে জনসম্পৃক্ত সমস্যাগুলো নিয়ে গবেষণা হওয়া প্রয়োজন। যাতে গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ের মানুষের উপকারে আসে। এ ছাড়া যেসব বিষয় নিয়ে ছোট ছোট গবেষণা হয়েছে, তা নিয়ে বড় ধরনের গবেষণা কিংবা মাল্টিডিসিপ্লিনারি গবেষণা করা উচিত। এতে একটি গবেষণার মাধ্যমে একাধিক সমস্যা সমাধানের উপায় বের হয়ে আসবে।
সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আবুসাঈদ খান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা খুলনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লতিফুল ইসলাম।