খুবিতে ডিপ্লোম্যাটস পোডিয়াম ১.০ শীর্ষক কর্মশালার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
আজ ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ডিপ্লোম্যাটস পোডিয়াম ১.০ শীর্ষক কর্মশালার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কথা বলা একটি বড় যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কথা বলারও দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য দরকার কিছু প্রশিক্ষণ যার মাধ্যমে সাবলীলভাবে মনের ভাব প্রকাশ করা যায়। কথা বলার দক্ষতা পেশাগত জীবনে সাফল্য অর্জনেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় বাংলা ও ইংরেজি সেগমেন্টে ১২০ জন প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে ১০ জন প্রতিযোগী গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের উপর ওপেন স্পিচ প্রদান করেন। দুইটি সেগমেন্টে ৩ জন করে মোট ৬ জন প্রতিযোগী বিজয়ী হন। উপাচার্য বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, অনুষ্ঠানের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. এনামুল হক, সাধারণ সম্পাদক তাহরিম জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসিজে ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন ও সভাপতিত্ব করেন অহনা আনহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফিয়া খাতুন মৌরি ও সুদীপ্ত সাহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।