খুবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘পাবলিক স্পিকিং প্রোজ ২.০’ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং মেন্টর্স খুলনার পৃষ্ঠপোষকতায় আজ ০৭ অক্টোবর (সোমবার) বিকাল ৫টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘পাবলিক স্পিকিং প্রোজ ২.০’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, পাবলিক স্পিকিং জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের  চিন্তা-চেতনা ও ভাবনাকে সহজ করছে,  এমন কার্যক্রমকে আমি স্বাগত জানাই। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনায় এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা অনেক। জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তাজুল হোসেন তাজ ও সাধারণ সম্পাদক সাঈফ নেওয়াজ।
এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শীর্ষ ১০ জন ফাইনালিস্টের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতাটি ২টি অংশে বিভক্ত ছিল। বাংলা এবং ইংরেজি অংশ থেকে ৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বাংলা অংশে বিজয়ীরা হলেন- চ্যাম্পিয়ন মেহনাজ আফনিন খান ঝিলিক, ১ম রানারআপ রাধিকা চৌধুরী, ২য় রানারআপ মো. তুহিন হোসেন এবং ইংরেজি অংশের বিজয়ীরা হলেন- চ্যাম্পিয়ন যৌথ রাধিকা চৌধুরী, নিশাত জাহান নাদিরা, ১ম  রানারআপ ফারজানা জাহান, ২য় রানারআপ মুবিন শেখ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
গ্র্যান্ড ফিনালের বিচারকের দায়িত্বে ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং মেন্টর্স খুলনার আইইএলটিএস কো-অর্ডিনেটর মাহফুজা জেসমিন ইভা।
প্রতিযোগীদের জন্য পুরস্কার হিসাবে ছিল মেন্টর্স খুলনার বিভিন্ন ফ্রি কোর্স। এছাড়া উপস্থিত শ্রোতাদের জন্যও ছিলো আকর্ষণীয় ডিসকাউন্ট। তাদের জন্য  মেন্টর্স খুলনার পক্ষ থেকে স্পোকেন ইংলিশ কোর্সে ৩০%, আইইএলটিএস কোর্সে ২৫%, এবং গ্রামার ফাউন্ডেশন কোর্সে ২০% ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে।