খুবিতে এবার হলের ডাইনিংয়ে ছাত্রদের সাথে দুপুরের খাবার খেলেন প্রফেসর রেজাউল করিম
এবার আকস্মিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের ডাইনিং পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১.৩০ মিনিটে তিনি হলের ডাইনিং পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বিষয়ে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে হলের ডাইনিংয়ে বসে দুপুরের খাবার খান।
তিনি বলেন, ভবিষ্যতে হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের যেন অভিযোগ না আসে, সেজন্য নিয়মিত খাবার পর্যবেক্ষণ করা হচ্ছে। এসময় তিনি হলের ডাইনিং পরিচালনাকারীদের ডেকে কথা বলেন এবং খাবারের মান যেন সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম, সংশ্লিষ্ট হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. খসরুল আলম, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান এবং একই ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূরুন্নবী ও সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।