খুবিতে শিক্ষার্থীদের সাথে নাস্তা করে খাবারের মান যাচাই করলেন প্রফেসর রেজাউল করিম
আকস্মিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ২০ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে তিনি হল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বিষয়ে কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে হলের ক্যান্টিনে বসে সকালের নাস্তা করে খাবারের মান যাচাই করেন।
তিনি বলেন, হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের যাতে অভিযোগ সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত খাবার পর্যবেক্ষণ করা হচ্ছে। এসময় তিনি হলের ক্যান্টিন পরিচালনাকারীদের ডেকে কথা বলেন এবং খাবারের মান যেন সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।