Registration closes on 21 November 2026 Register Now

খুবিতে ডিজিটাল নোটিশ বোর্ড উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের প্রবেশদ্বারে কেন্দ্রীয় ডেসপাসে এ নোটিশ বোর্ড স্থাপন করা হয়। আজ ১৫ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম এ নোটিশ বোর্ডের উদ্বোধন করেন।
এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ডেসপাসের এই মনিটরকে ডিজিটাল নোটিশ বোর্ড হিসেবে ব্যবহার করা হবে। এখানে সকল ধরনের নোটিশ প্রদর্শিত হবে। প্রথম প্রশাসনিক ভবনে এটি শুরু হলেও পর্যায়ক্রমে তিনটি একাডেমিক ভবনের প্রবেশমুখে এ রকম ডিজিটাল নোটিশ বোর্ড স্থাপন করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ভবনগুলোর ডিনদের উদ্যোগী হতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে পৃথিবী প্রযুক্তিনির্ভর হচ্ছে। ফলে সর্বত্রই ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও এ রকম প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তা-ভাবনা নিয়ে এগিয়ে যাবে। তিনি স্বল্প সময়ে এ কাজ সম্পন্নের জন্য আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন আব্দুল্লাহ আবুসাঈদ খান, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান কবীর, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন (চলতি দায়িত্ব) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. মো. আইনুল মঈন নূর।