খুবিতে নির্মাণাধীন জিমনেশিয়ামের কাজ নির্ধারিত সময়ের পূর্বেই সম্পন্নের তাগিদ

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন জিমনেশিয়ামের নির্মাণকাজের গতি আরও ত্বরান্বিত করে নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ করার তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০ মিনিটে তিনি সরেজমিনে জিমনেশিয়ামের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে জিমনেশিয়াম নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় তারা প্রফেসর ড. মো. রেজাউল করিমকে জিমনেশিয়ামের বিভিন্ন অংশের সুযোগ-সুবিধা ও গ্যালারিতে দর্শক ধারণক্ষমতাসহ সামগ্রিক বিষয় অবহিত করে বলেন, এই জিমনেশিয়াম ভবনের নির্মাণ কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। সামগ্রিক বিষয় অবহিত হওয়ার পর তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে নির্ধারিত সময়ের অন্তত এক-দুই মাস পূর্বে গুণগতমান বজায় রেখে কাজ শেষ করার জন্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাগিদ দেন।