খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ডিসিপ্লিনের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন সুদৃঢ় করা ও কার্যকর সেতুবন্ধন তৈরির মাধ্যমে শিল্পকলায় তাদের সম্মিলিত শক্তিকে সুসংহত করা এবং শৈল্পিক ঐতিহ্য উদযাপনের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ঐতিহ্যের নতুন পথচলার লক্ষ্যে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৫ খ্রি. শনিবার বিকাল ৫.০০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের স্মার্ট ক্লাসরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মো. তরিকত ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুহম্মদ খায়রুল হাসান, সহকারী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক সম্পাদক শাপলা সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মনীষা দীপান্বিতা ও হাফছা বিনতে আজাদ। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মো. তরিকত ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের ডিসিপ্লিনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করবে এবং শিল্পের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।' বিশেষ অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 'শিল্পের সৃজনশীলতা প্রসারে ও অ্যালামনাইদের পেশাগত উন্নয়নে এই মিলনমেলা এক দারুণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।' বিশেষ অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন বলেন ‘অ্যালামনাই হলো একটি প্রতিষ্ঠানের সামগ্রীক রূপরেখা ও সফলতার প্রতিচ্ছবি স্বরূপ। একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনই প্রতিষ্ঠান, জাতি, দেশের গন্ডিকে আন্তর্জাতিক স্তরে উপনীত করতে সক্ষম ভূমিকা পালন করে। অতএব, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব অপরিসীম।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা। তিনি তার বক্তব্যে বলেন, 'এই উদ্বোধনী অনুষ্ঠান আমাদের গৌরবময় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এবং ভবিষ্যতে শৈল্পিক সমাজকে শক্তিশালী করার একটি সম্মিলিত অঙ্গীকার।' অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যের শপথ গ্রহণ, পরিচিতি পর্ব এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলনে এক হৃদয়ঘন পরিবেশের সৃষ্টি হয়।